ভারতের পরীক্ষার্থীর মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র ভুলে আবুধাবি!

ভারতের মেডিকেল কলেজে ভর্তির গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা NEET UG ঘিরে অস্বাভাবিক এক ঘটনা সামনে এসেছে। এক পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিকে পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিই-NEET UG ২০২৬ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পর আবদুল্লাহ মোহাম্মদ তালিব নামে এক পরীক্ষার্থী দেখতে পান, তার পরীক্ষাকেন্দ্র দেওয়া হয়েছে আবুধাবির একটি স্কুলে। অথচ তিনি ভারতে থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।
ভুক্তভোগী পরীক্ষার্থীর কোনো পাসপোর্ট না থাকায় নির্ধারিত বিদেশি কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। এতে বিষয়টি আরও জটিল আকার ধারণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশপত্রটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) ভুলের কথা স্বীকার করে জানায়, এটি একটি কারিগরি ত্রুটি।
এনটিএ জানিয়েছে, দ্রুত সংশোধন করে সঠিক পরীক্ষাকেন্দ্র উল্লেখ করে নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ই-মেইলের মাধ্যমে পরীক্ষার্থীকে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে এনটিএ। একই সঙ্গে নতুন করে সঠিক কেন্দ্রসহ প্রবেশপত্র দেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, NEET UG ২০২৬ পরীক্ষা আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। কলম ও কাগজভিত্তিক এই পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীদের যথাযথ প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।