বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চুক্তি ঘিরে সমালোচনার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তার নীতির ফলেই শেয়ারবাজার শক্ত অবস্থানে রয়েছে এবং তেলের দাম কমছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যারা মনে করেন তিনি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর অবস্থান নেননি, তারা হয় হিংসুক, অসৎ অথবা নির্বোধ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি নিয়ে দেশটির কিছু আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই সমঝোতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে যথেষ্ট সীমাবদ্ধ করছে না। পাশাপাশি হরমুজ প্রণালিকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগও ইরানের হাতে থেকে যাচ্ছে।

এদিকে চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুক্রবার থেকে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজক দেশ সুইজারল্যান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারসহ মধ্যস্থতাকারী দেশগুলোর অংশগ্রহণে প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে বৈঠকের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও জানিয়েছেন, সুইজারল্যান্ডে নতুন দফার আলোচনা এখনো বিবেচনাধীন রয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, কূটনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতাকারীদের উদ্যোগে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আলোচনা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফা সমঝোতার একটি ইলেকট্রনিক সংস্করণ ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। পরে ট্রাম্পও চুক্তির মুদ্রিত কপিতে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন