মুমিনের জন্য রিজিক অর্জনের ৩টি চ্যালেঞ্জ

মানুষের জীবনে রিজিকে বরকত বা সচ্ছলতা কেবল কঠোর পরিশ্রমের ফসল নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়ার অংশ। ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের মতে, মহান আল্লাহ কোনো বান্দার জন্য রিজিকের বিশেষ কোনো পথ উন্মুক্ত করার আগে তাকে তিনটি মনস্তাত্ত্বিক ও ঈমানি পরীক্ষার সম্মুখীন করেন। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়া এবং পূর্ণাঙ্গভাবে আল্লাহর ওপর সমর্পণই হলো চূড়ান্ত প্রাপ্তির মূল চাবিকাঠি।
১. অসাফল্যের মাধ্যমে ‘একক প্রচেষ্টার’ দর্প চূর্ণ
প্রথম পরীক্ষায় মানুষ চরম পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না। রাত-দিন এক করে খাটার পরও যখন শূন্য হাতে ফিরতে হয়, তখন মানুষ বুঝতে পারে যে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই পরীক্ষার মূল শিক্ষা হলো—পরিশ্রম কেবল একটি মাধ্যম, কিন্তু চূড়ান্ত ফয়সালা আসে মহান আল্লাহর পক্ষ থেকে। যখন বান্দা এই সত্যটি উপলব্ধি করে, তখন তার মধ্যে বিনয় ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা তৈরি হয়।
২. অতিবিশ্বাসের মানুষের ধোঁকা ও একাকীত্ব
দ্বিতীয় ধাপে মানুষ যাদের ওপর সবচেয়ে বেশি ভরসা করে বা আপন ভাবে, তাদের কাছ থেকেই চরম বিশ্বাসঘাতকতা বা ধোঁকার শিকার হয়। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক পরীক্ষা। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে শিখিয়ে দেন যে, সৃষ্টির ওপর ভরসা করা বৃথা; প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কেউ পরম আপন বা চিরস্থায়ী সাহায্যকারী নয়।
৩. অন্যের প্রাচুর্য দেখে ধৈর্যের পরীক্ষা
তৃতীয় পরীক্ষায় দেখা যায়, নিজের তুলনায় কম যোগ্য বা কম পরিশ্রমী কেউ অনেক বেশি রিজিক বা সফলতা লাভ করছে। এই সময় মানুষের মনে হিংসা বা আক্ষেপ জন্মানোর ঝুঁকি থাকে। তবে এর প্রকৃত শিক্ষা হলো—অন্যের নেয়ামত কমলে নিজের বাড়বে না, আবার অন্যের বাড়লে নিজের কমবে না। সবকিছুর বন্টন কেবল আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।
কুরআনের অমোঘ ঘোষণা ও চূড়ান্ত সমাধান
পবিত্র কুরআনে এই সার্বভৌম ক্ষমতার কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সূরা আলে ইমরানের ১৫৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:
“তারা বলে, ‘আমাদের কি এ ব্যাপারে কোনো অধিকার আছে?’ আপনি বলুন, ‘সব বিষয়ের নিরঙ্কুশ অধিকার কেবল আল্লাহরই’।”
যখন একজন মানুষ মন থেকে মেনে নেয় যে তার নিজের বা অন্য কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কেবল আল্লাহর; ঠিক তখনই তার জন্য রহমতের সব পথ খুলে যায়। এই সমর্পণের নামই হলো ‘তাওয়াক্কুল’, যা একজন মুমিনকে কেবল দুনিয়াবি দুশ্চিন্তা থেকেই মুক্তি দেয় না, বরং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক প্রাপ্তির যোগ্য করে তোলে।
দৈএনকে/জে, আ