সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ঋণ পরিশোধে অতিরিক্ত উপহার—সওয়াব নাকি সুদ?

ঋণ পরিশোধে অতিরিক্ত উপহার—সওয়াব নাকি সুদ?
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামে ঋণ গ্রহণ ও সময়মতো পরিশোধকে গুরুত্বপূর্ণ আমানত হিসেবে বিবেচনা করা হয়েছে। অনেক সময় ঋণগ্রহীতা কৃতজ্ঞতা বা সৌজন্য প্রকাশের উদ্দেশ্যে মূল অর্থের সঙ্গে স্বেচ্ছায় কিছু অতিরিক্ত অর্থ বা উপহার দেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে—এটি কি সুদের অন্তর্ভুক্ত, নাকি শরিয়তের দৃষ্টিতে বৈধ?

ইসলামী শরিয়াহ অনুযায়ী, ঋণ পরিশোধে কোনো ধরনের পূর্বশর্ত, চুক্তি বা বাধ্যবাধকতা ছাড়া ঋণগ্রহীতা যদি নিজের ইচ্ছায় অতিরিক্ত কিছু প্রদান করেন, তবে তা সুদ নয়। বরং এটি উত্তম চরিত্র, কৃতজ্ঞতা এবং ইহসানের প্রকাশ হিসেবে বিবেচিত হয়।

এ বিষয়ে হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি তা পরিশোধের সময় পাওনার চেয়ে বেশি প্রদান করেন।” (সহিহ বুখারি: ৪৩০, সুনানে আবু দাউদ: ৩৩১৪)

রাজধানীর জামিয়া ইকরার ফাজিলের মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, এই হাদিস থেকে বোঝা যায়, অতিরিক্ত অর্থ প্রদান যদি সম্পূর্ণ স্বেচ্ছায় হয় এবং এর পেছনে কোনো শর্ত বা চুক্তি না থাকে, তাহলে তা বৈধ। এটি সুদের আওতায় পড়ে না; বরং ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় আচরণ।

মাআরিফুল হাদিস-এও উল্লেখ করা হয়েছে, এমন অতিরিক্ত প্রদান রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের অন্তর্ভুক্ত উত্তম আমল। কারণ, এখানে অতিরিক্ত অর্থের উদ্দেশ্য লাভ নয়, বরং কৃতজ্ঞতা ও সদাচরণের বহিঃপ্রকাশ।

তবে ইসলামী আইনবিদরা স্পষ্টভাবে বলেছেন, ঋণদাতা কোনো অবস্থাতেই অতিরিক্ত অর্থ দাবি করতে পারবেন না কিংবা ঋণ দেওয়ার সময় বেশি ফেরত দেওয়ার শর্ত আরোপ করতে পারবেন না। যদি ঋণ প্রদানের সময়ই অতিরিক্ত অর্থ ফেরতের শর্ত নির্ধারণ করা হয় বা তা বাধ্যতামূলক করা হয়, তাহলে সেটিই সুদ (রিবা) হিসেবে গণ্য হবে।

তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বলেন, ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত অর্থ বা উপহার দেওয়া ইসলামে বৈধ। তবে এর সঙ্গে কোনো পূর্বচুক্তি, শর্ত বা দাবি যুক্ত থাকলে তা শরিয়াহসম্মত নয় এবং সুদের বিধানের অন্তর্ভুক্ত হবে।

অতএব, ইসলামের শিক্ষা হলো—ঋণ সময়মতো পরিশোধ করা এবং প্রয়োজনে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে স্বেচ্ছায় অতিরিক্ত কিছু দেওয়া উত্তম। তবে এ বিষয়ে কোনো ধরনের শর্ত বা আর্থিক সুবিধার প্রত্যাশা থাকলে তা বৈধ থাকে না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন