হারানো যানবাহনের ছায়ায় ঢাকা শহরের বিবর্তন

আজকের ঢাকা মেট্রোরেল, বাস, সিএনজি, বাইক আর প্রাইভেট কারের ভিড়ে এক আধুনিক শহরে দাঁড়িয়ে আছে। কিন্তু এর পেছনে রয়েছে বহু বছরের দীর্ঘ যাত্রা—যেখানে নানা রকম বাহন মানুষের জীবন আর শহরের গতি নির্ধারণ করেছে। পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে কাঠের বাস কিংবা লাল ডাবল ডেকার—সবই ছিল একসময় ঢাকার প্রতিদিনের অংশ। সময়ের সাথে সেসব বাহন হারিয়ে গেছে, কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে আমাদের ইতিহাসে।
গরুর গাড়ি: গ্রামীণ জীবনের চাকা
ঢাকার আশপাশের গ্রামাঞ্চলে একসময় গরুর গাড়িই ছিল প্রধান বাহন। কাঠের চাকা, লোহার বৃত্ত আর বলদের ধীর ছন্দে এগিয়ে চলা এই গাড়ি পরিবহনের পাশাপাশি ছিল গ্রামীণ জীবনের ছন্দের প্রতীক।
ব্যবহার: ধান, খড়, আখ, গম—সবই যেত গরুর গাড়িতে; মানুষও বাজার কিংবা বিয়েতে যাতায়াত করত।
দৃশ্যপট: কুয়াশা ভেদ করে ভোরে যখন গরুর গাড়ির চাকায় লোহার ঠকঠক শব্দ শোনা যেত, সেটাই ছিল এক অদ্ভুত সুর।
অস্তিত্বহীনতা: পাকা রাস্তা ও মোটরযানের আগমনে ধীরে ধীরে হারিয়ে যায়, আজ কেবল ঐতিহ্যবাহী প্রদর্শনীতে দেখা মেলে।
ঘোড়ার গাড়ি: আভিজাত্যের প্রতীক
ব্রিটিশ আমলে ঢাকার অভিজাত শ্রেণির গর্ব ছিল ঘোড়ার গাড়ি। নবাব, জমিদার কিংবা ইউরোপীয় ব্যবসায়ীরা রঙিন কাপড়ে মোড়া ঘোড়ার গাড়িতে চড়েই চলাফেরা করতেন।
বৈশিষ্ট্য: কাঠের তৈরি গা, পিতলের ঘণ্টা, অলংকৃত ঘোড়া আর সারথির পোশাক সব মিলিয়ে এটি ছিল রাজকীয় বাহন।
প্রেক্ষাপট: ইসলামপুর, বাবুবাজার, ইংলিশ রোডের পথে ঘোড়ার গাড়ির টুংটাং আওয়াজে মুখর থাকত ঢাকা।
শেষযাত্রা: স্বাধীনতার পর দ্রুতগতির যানবাহনের ভিড়ে ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে যায়, আজ কেবল প্রতীকীভাবে থাকে।
পালকি: অভিজাত সমাজের যাত্রাসঙ্গী
পালকি ছিল ঢাকার সবচেয়ে পুরনো ও মর্যাদাপূর্ণ বাহন।
নবাব-জমিদারদের গৃহস্থালী, বিবাহের বরযাত্রা কিংবা নারীদের যাতায়াত—সবই হতো পালকিতে।
ছোট জানালা, মশারি আর চারজন বাহকের কাঁধে চলা এই বাহন ঢাকার সামাজিক জীবনে ছিল অপরিহার্য।
রিকশা ও ঘোড়ার গাড়ির আগমনে এর ব্যবহার কমতে থাকে এবং স্বাধীনতার পর পুরোপুরি হারিয়ে যায়।
আজ এটি শুধু ঐতিহ্যের প্রতীক।
নৌযান: ঢাকার প্রাণ
ঢাকার চারপাশে নদী ও খালের কারণে নৌকাই ছিল প্রধান বাহন।
ধোলাইখাল, বংশাল, নবাবপুরসহ শহরের নানা জায়গায় বাজার-সদাই হতো নৌকায় করে।
নদী-খাল ভরাট হওয়া এবং সড়কযানের বিস্তারে নৌযানের প্রভাব প্রায় শেষ হয়ে যায়।
হাতি: ক্ষমতার প্রতীক
ঢাকার নবাব পরিবারের বাহন হিসেবে হাতি শুধু পরিবহনের মাধ্যম ছিল না, ছিল আভিজাত্য ও ক্ষমতার প্রতীক।
পিলখানা ছিল হাতির প্রশিক্ষণকেন্দ্র, আর এখান থেকেই এসেছে হাতিরপুল, হাতিরঝিলের মতো নাম।
আজ আর শহরে হাতির ব্যবহার নেই, তবে ইতিহাসে এর ভূমিকা অমলিন।
মোটরগাড়ির সূচনা
১৯০৪ সালে নবাব সলিমুল্লাহ প্রথম মোটরগাড়ি আনেন ঢাকায়। মানুষ তখন একে জাদুর গাড়ি বলত। এর মধ্য দিয়েই আধুনিক যানবাহনের যুগে প্রবেশ করে ঢাকা।
রিকশা: আজও জীবন্ত ঐতিহ্য
১৯৩৮ সালে কলকাতা থেকে আসা রিকশা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে আজ ব্যাটারি চালিত অটো রিকশা পুরনো প্যাডেল রিকশাকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে।
কাঠের বডির বাস
১৯৬০-৯০ দশকে কাঠ দিয়ে বানানো বাস ছিল ঢাকার অন্যতম প্রধান পরিবহন।
কাঠের বেঞ্চ, টিনের ছাদ আর কষ্টকর ভ্রমণ—তবু এটাই ছিল হাজারো মানুষের জীবনযাত্রার অংশ।
আগুন লাগার ঝুঁকি ও দুর্বল ব্রেকের কারণে এগুলো নিষিদ্ধ হয়ে যায়।
মুড়ির টিন বাস
পাতলা টিনের ছাদে তৈরি সস্তা বাসগুলো ১৯৭৫-৯৫ সালে ছিল ঢাকার সাধারণ মানুষের সঙ্গী।
কম ভাড়া, সহজলভ্যতা—সবকিছুই জনপ্রিয় করেছিল এই বাসকে।
নিরাপত্তাহীনতার কারণে সরকার এগুলো তুলে নেয়।
বিআরটিসির লাল ডাবল ডেকার
১৯৭০-এর দশকের লাল ডাবল ডেকার বাস ঢাকার গণপরিবহনের আইকন হয়ে উঠেছিল।
যতই হারিয়ে যাক, এখনও ঢাকার ইতিহাসে এরা গৌরবময় অধ্যায় হিসেবে রয়ে গেছে।
টেম্পো
১৯৮০-৯০ এর দশকের ঢাকার সড়কে টেম্পো ছিল ভরসার বাহন। সস্তা, সহজলভ্য হলেও দূষণ ও দুর্ঘটনার কারণে ২০০২ সালে এটির ব্যবহার বন্ধ করা হয়।
ঢাকার রাস্তায় একসময় প্রতিধ্বনিত হতো ঘোড়ার গাড়ির ঘণ্টা, টেম্পোর আওয়াজ, কাঠের বাসের কড়কড় শব্দ কিংবা লাল ডাবল ডেকারের সিঁড়ি বেয়ে নামা-ওঠার ভিড়। এসব বাহন কেবল চলাচলের উপায় ছিল না, ছিল একেকটা সময়ের প্রতিচ্ছবি, ঢাকার সংস্কৃতি ও নাগরিক জীবনের দলিল।
আজকের আধুনিক পরিবহনের ভিড়ে সেই বাহনগুলো হারিয়ে গেছে, কিন্তু স্মৃতির ভেতর বেঁচে আছে। ইতিহাসকে জানতে চাইলে এই যানবাহনগুলোর কথা মনে রাখা অপরিহার্য।
দৈএনকে/জে .আ