ইরানকে ‘ভদ্র আচরণ’ করতে বললেন ট্রাম্প, বাড়ছে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, সেই লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ইরানের বন্দর এলাকায় আরোপিত অবরোধ লঙ্ঘনের চেষ্টা করা একটি পৃথক জাহাজেও গুলি চালানোর কথা জানিয়েছে তারা।
এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, মধ্যপ্রাচ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। ওই ঘটনার পরই নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে।
এদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, চলমান সমঝোতা থেকে তেহরান যদি বাস্তব কোনো সুবিধা না পায়, তাহলে সেই চুক্তি মেনে চলার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সপ্তাহের মধ্যে ইরান আলোচনায় না ফিরলে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি ডেডলাইন দিতে পছন্দ করি না। তবে তারা পুরো বিষয়টি জানে। তাদের ভদ্র আচরণ করা উচিত।”
পরে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইরান এই মুহূর্তে ভালো অবস্থায় নেই।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।