পানির বোতলে পেনাল্টির গোপন কৌশল, আলোচনায় পিকফোর্ড

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনা শিবিরে ঘটে এক ভিন্নধর্মী ঘটনা। ম্যাচ শেষে মাঠে উদযাপনের সময় ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একটি পানির বোতল খুঁজে পান আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট মার্সেলো ডি’অ্যান্ড্রেয়া।
বোতলটি পরীক্ষা করে দেখা যায়, টেপ দিয়ে মোড়ানো একটি চিরকুটে সম্ভাব্য পেনাল্টি শুটআউটের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম এবং তাদের শটের ধরন অনুযায়ী কোন দিকে ঝাঁপ দিতে হবে, সে সম্পর্কিত নির্দেশনা লেখা রয়েছে।
ঘটনাটি টেলিভিশনের ক্যামেরায়ও ধরা পড়ে। সেখানে দেখা যায়, লিওনেল মেসি ও তার সতীর্থরা আগ্রহ নিয়ে বোতলটি দেখছেন। পরে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও সেখানে যোগ দেন এবং বোতলের লেখা দেখে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানান।
কানাডার সম্প্রচারমাধ্যম টিএসএন জানিয়েছে, আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বোতলের ছবিও প্রকাশ করেছেন।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনাল্টি শুটআউটের সময় এ ধরনের কৌশলগত নোট ব্যবহার করা পিকফোর্ডের জন্য নতুন নয়।
২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষেও একই ধরনের চিরকুট ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের এই গোলরক্ষক। সেখানে ম্যানুয়েল আকানজির পেনাল্টির সময় কোন দিকে ঝাঁপ দিতে হবে, সে নির্দেশনা লেখা ছিল এবং সেই অনুযায়ী ঝাঁপ দিয়ে শট ঠেকাতেও সফল হন তিনি। ওই ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড।
এর আগে ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইতালির বিপক্ষে একই কৌশল অনুসরণ করেছিলেন পিকফোর্ড। সেবার তিনি জর্জিনহো ও আন্দ্রেয়া বেলোত্তির পেনাল্টি ঠেকালেও শেষ পর্যন্ত টাইব্রেকারে পরাজিত হয় ইংল্যান্ড।
ফুটবলে পেনাল্টি শুটআউটের আগে প্রতিপক্ষের খেলোয়াড়দের শটের ধরণ বিশ্লেষণ করে গোলরক্ষকদের জন্য নির্দেশনা প্রস্তুত করা আন্তর্জাতিক ফুটবলে পরিচিত কৌশল। তবে ম্যাচ শেষে সেই কৌশলসংবলিত পানির বোতল প্রতিপক্ষ দলের হাতে চলে যাওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।