বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

শেষ কার্যদিবসে শেয়ারবাজারে ভাটা, লাল হলো সব সূচক

শেষ কার্যদিবসে শেয়ারবাজারে ভাটা, লাল হলো সব সূচক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সপ্তাহের প্রথম চার কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সেখানে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় সূচক নেমেছে এবং লেনদেনও কমেছে।

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনের শুরুতে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে কিছু সময় পর থেকেই বিক্রির চাপ বাড়তে থাকে। শেষদিকে দরপতন আরও তীব্র হলে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যায় এবং সূচক নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ করে।

দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৪০টির দাম কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই-৩০ সূচকে থাকা ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৫টির শেয়ারদর বেড়েছে, ২৪টির কমেছে এবং একটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

দাম কমার প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০ পয়েন্টে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২২৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২০৭ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনের পরিমাণেও বড় ধরনের পতন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১ হাজার ১১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৬৬ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির শেয়ারদর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইতে মোট ১৮ কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৩২ কোটি ১৭ লাখ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে কম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন