শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ছয় মাসে মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের

ছয় মাসে মুনাফা কমেছে সেনা ইন্স্যুরেন্সের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চলতি ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির মুনাফায় সামান্য নিম্নগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ১৫ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩ টাকা ৪৭ পয়সা। ফলে ইপিএস ৮ পয়সা, অর্থাৎ প্রায় ২ শতাংশ কমেছে।

এপ্রিল-জুন মেয়াদের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ মুনাফা ছিল ১ টাকা ৫৭ পয়সা। সে হিসাবে প্রান্তিকভিত্তিক ইপিএস ২ পয়সা বা প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সা।

উল্লেখ্য, ২০২৫ অর্থবছরের জন্য সেনা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৫ টাকা ১৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৫৮ পয়সা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন