বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

ভাইরাল বক্তব্য দেওয়া সুহির পরিচয় নিয়ে মাইলস্টোন কলেজের জিডি

ভাইরাল বক্তব্য দেওয়া সুহির পরিচয় নিয়ে মাইলস্টোন কলেজের জিডি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ ঘটনায় তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাইলস্টোন কলেজের পক্ষে প্রতিষ্ঠানটির সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, টিসি দেওয়ার পর থেকে তিনি আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন। তাই প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে কোনো বক্তব্য দেওয়ার অধিকারও তার নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই ব্যক্তিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলন নিয়ে বক্তব্য দিতে দেখা যায়।

প্রতিষ্ঠানটির দাবি, সাবেক ওই শিক্ষার্থী কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এতে মাইলস্টোন কলেজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন