পিঠের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন সহজ যোগব্যায়ামে

বর্তমান সময়ে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার কারণে অনেকেই পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন। অফিসে একটানা বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব কিংবা ভুল ভঙ্গিতে বসার কারণে ঘাড় ও পিঠে ব্যথা তৈরি হতে পারে।
অনেকে এই সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত বেদনানাশক ওষুধের ওপর নির্ভর করেন। তবে নিয়মিত কিছু ব্যায়াম ও যোগাসনের অভ্যাস করলে পিঠের ব্যথা অনেকটাই কমানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।
পিঠের ব্যথা কমাতে উপকারী কয়েকটি সহজ যোগাসন:
বালাসন
প্রথমে মেঝেতে বা ম্যাটের ওপর হাঁটু মুড়ে গোড়ালির ওপর বসুন। এরপর গভীর শ্বাস নিয়ে দুই হাত মাথার ওপর তুলুন। ধীরে ধীরে কোমর থেকে শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে দিন।
এভাবে শরীরকে এমন অবস্থানে আনুন, যাতে বুক উরুর সঙ্গে লেগে যায় এবং কপাল মেঝেতে স্পর্শ করে। দুই হাত সামনে প্রসারিত রাখুন। ২০ সেকেন্ড করে তিনবার এই আসনটি করতে পারেন।
সেতুবন্ধাসন
ম্যাটের ওপর চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রাখুন। এরপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা নিতম্বের কাছে নিয়ে আসুন।
ধীরে ধীরে পিঠ ও কোমরের ওপর ভর দিয়ে কোমর উপরের দিকে তুলুন। কয়েক সেকেন্ড এই অবস্থানে থাকার পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। নিয়মিত এই আসন করলে কোমর ও পিঠের পেশি শক্তিশালী হতে পারে।
ধনুরাসন
প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা পিঠের দিকে নিয়ে আসুন। দুই হাত পেছনে নিয়ে গোড়ালি শক্ত করে ধরুন।
চেষ্টা করুন বুক ও উরু মাটি থেকে কিছুটা ওপরে তুলতে। পেট ও তলপেট মেঝেতে রেখে স্বাভাবিকভাবে শ্বাস নিন। ২০ থেকে ৩০ সেকেন্ড এই অবস্থানে থাকার পর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

নিয়মিত এই ধরনের ব্যায়াম পিঠের পেশি নমনীয় রাখতে এবং ব্যথা কমাতে সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিনের বা তীব্র ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।