শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কারণ ছাড়াই বাড়ছে শেয়ার দর, তিন কোম্পানিকে নিয়ে ডিএসইর সতর্কবার্তা

কারণ ছাড়াই বাড়ছে শেয়ার দর, তিন কোম্পানিকে নিয়ে ডিএসইর সতর্কবার্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শেয়ারবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তিন প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো—শার্প ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ড।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

ডিএসই জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাওয়া হয়েছিল। তবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, কোনো নির্দিষ্ট মৌলিক কারণ ছাড়াই শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

ডিএসইর তথ্য অনুযায়ী, শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত ১৫ এপ্রিল ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ২৯ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৭৪ শতাংশ।

সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর গত ৩০ মার্চ ৭ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ১৫ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ সাড়ে তিন মাসে ইউনিটদর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ৯৬ শতাংশ।

অন্যদিকে, এটলাস বাংলাদেশের শেয়ারদর গত ১৫ জানুয়ারি ৫২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১৩ জুলাই ৯৮ টাকা ৩০ পয়সায় উঠেছে। ছয় মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৮৮ শতাংশ।

ডিএসই জানিয়েছে, তিন প্রতিষ্ঠানই তাদের শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন