বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

দৈনিক ৫ কোটি টাকার জুয়ার লেনদেন, ডিবির জালে চক্রের মূলহোতা

দৈনিক ৫ কোটি টাকার জুয়ার লেনদেন, ডিবির জালে চক্রের মূলহোতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড, বিপুলসংখ্যক মোবাইল ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবির দাবি, গ্রেপ্তার চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেন করত। এসব অর্থের একটি বড় অংশ দেশের বাইরে পাচার করা হতো। চক্রটি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হতো বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আরিফুল ইসলাম রিফাত (২৩), আরমান হোসেন জিহাদ (২৩), মাসুদ হোসেন (২২), আব্দুল রাব্বী (২৩), কৌশিক আহমেদ শুভ (২৩) ও মশিউর রহমান তারেক (২০)।

ডিবি জানায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার কয়েকটি ওয়েবসাইট ও অ্যাপের সন্ধান পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। এসব প্ল্যাটফর্মে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট ও মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন পরিচালনা করা হচ্ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্টে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আরিফুল ইসলাম রিফাতসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার একটি হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় ৬ হাজার ৫০০টি বিকাশ ও নগদ অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড, বিভিন্ন অপারেটরের আরও ৬৭টি সিম, একটি ল্যাপটপ, ৭০টির বেশি মোবাইল ডিভাইস এবং একটি মাইক্রোবাস।

ডিবির কর্মকর্তারা জানান, চক্রটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এমএফএস অ্যাকাউন্ট সংগ্রহ করে অনলাইন জুয়ার অর্থ লেনদেন পরিচালনা করত। পরে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাঠানো হতো।

ডিবি বলছে, বাংলাদেশকেন্দ্রিক অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিদেশি নিয়ন্ত্রিত পেমেন্ট কোম্পানির মাধ্যমে লেনদেন পরিচালিত হচ্ছে। সহজলভ্যতা ও তুলনামূলক দুর্বল নজরদারির সুযোগ নিয়ে এসব চক্র এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করছে।

মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আরিফুল ইসলাম রিফাতের ডিভাইস বিশ্লেষণ করে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন