রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ডিএমপির

রাজধানীতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। উৎসবকে ঘিরে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১২ জুলাই) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রথযাত্রায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই অনুষ্ঠানকে নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা তদারকি করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পিকেট ও টহল দল, ফুট পেট্রোল, রুফটপ পর্যবেক্ষণ, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি মনিটরিং, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। রথযাত্রার প্রতিটি আয়োজনে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে রথযাত্রা শেষ করা হবে। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার না করা, ব্যাগ বা পোটলা ছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।