আন্দোলন নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, সরকারকে বিব্রত করতে একটি মহল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তাদের সবার পরিচয় শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয়। অনেকেই নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন। তাই বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলার নেই।
আন্দোলনকে সরকার কীভাবে মূল্যায়ন করছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখছে না। তার ভাষ্য, আন্দোলনটি কয়েকটি জেলা ও রাজধানীর সীমিত কিছু এলাকায় সীমাবদ্ধ এবং এতে অল্পসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। তবে গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দাবি আদায়ে সচিবালয়মুখী কর্মসূচি, পরীক্ষা স্থগিত কিংবা বিনা পরীক্ষায় পাসের মতো যে প্রবণতা তৈরি হয়েছিল, তার কিছু প্রভাব এখনো দেখা যাচ্ছে।
আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত ঘটনা ও ভিডিও সবার সামনে রয়েছে। তার দাবি, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।”