বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

জিয়া হত্যা মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর আটক

জিয়া হত্যা মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর আটক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে প্রায় ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে আটক করা হয়।

ডিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের বিচার ও দণ্ড কার্যকর হলেও কিছু আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ডিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন