খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৭৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ জন।
জেলাভিত্তিক হিসাবে, খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় ১৭ জন, নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, কুষ্টিয়ায় চারজন, মেহেরপুরে চারজন এবং চুয়াডাঙ্গায় দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, বর্তমানে খুলনা বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ৩০২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮১৮ জন। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৪৪ জন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণের পাশাপাশি জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বাড়ানো এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন সংগঠন কেসিসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যক্রম আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।