বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Natun Kagoj

আমিরের তৃতীয় বিয়েতে কেন ছিলেন না রিনা-কিরণ? জানালেন ঘনিষ্ঠ বন্ধু

আমিরের তৃতীয় বিয়েতে কেন ছিলেন না রিনা-কিরণ? জানালেন ঘনিষ্ঠ বন্ধু
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গোপনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত নিজের বাসভবনেই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় এই আয়োজন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আমিরের দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এই জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলেছেন আমির খানের দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা অমীন হাজী। এক সাক্ষাৎকারে তিনি জানান, কিরণ রাও তখন ইংল্যান্ডে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তাদের ছেলে আজাদ বিশেষভাবে দেশে ফিরে বাবার বিয়েতে অংশ নেন।

রিনা দত্তের অনুপস্থিতি নিয়েও ব্যাখ্যা দেন অমীন। তার ভাষ্য, বিশেষ কিছু পরিস্থিতিতে কারও অনুপস্থিতি স্বাভাবিক বিষয়। ব্যক্তিগত পরিসর ও স্বাচ্ছন্দ্যের প্রতি সম্মান জানানোও সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও জানান, বিচ্ছেদের পরও রিনা ও কিরণের সঙ্গে আমিরের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রয়েছে। তারা এখনও পারিবারিক ও পেশাগত বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করেন। রিনার বাবার মৃত্যুর সময়ও আমির ব্যক্তিগতভাবে পাশে ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করেছিলেন।

অমীন হাজীর মতে, বিয়ের পুরো আয়োজন ছিল অত্যন্ত ঘরোয়া। প্রচলিত জাঁকজমক, সঙ্গীতানুষ্ঠান বা আলাদা কোনো আয়োজন ছিল না। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা একসঙ্গে সময় কাটিয়েছেন, গল্প করেছেন এবং অনাড়ম্বর পরিবেশেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বিয়ের আগের দিন দুই পরিবারের সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। গৌরী স্প্র্যাটের পরিবারের আন্তরিকতা ও সরলতারও প্রশংসা করেন অমীন। বিশেষ করে গৌরীর বাবার সঙ্গে দীর্ঘ সময় আড্ডা ও আলাপের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ে আইনি প্রক্রিয়ায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এর আগে গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন এই বলিউড তারকা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন