শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। চুক্তিভিত্তিক এই নিয়োগের মেয়াদ এক বছর। এ পদে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
শিবা শানুর আসল নাম চৌধুরী মাজহার আলী। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। বর্তমানে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দিচ্ছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি পদে যোগ দিতে হলে তাঁকে সমিতির সভাপতির পদ ছাড়তে হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি এই অভিনেতা।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে জানা যায়।