বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

২০২৭ সালের হজে যেতে এখনই প্রাক-নিবন্ধন, সময়সীমা ২৬ সেপ্টেম্বর

২০২৭ সালের হজে যেতে এখনই প্রাক-নিবন্ধন, সময়সীমা ২৬ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) থেকে এ নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে এবং সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এটি সম্পন্ন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত নতুন হজ রোডম্যাপ অনুসরণ করেই বাংলাদেশে আগাম নিবন্ধন নেওয়া হচ্ছে। আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এতে অংশ নেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন