বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj

শিশুদের আসক্তির অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা চলবে

শিশুদের আসক্তির অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা চলবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে দায়ের করা মামলা খারিজের আবেদন নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলবে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল বিচারক ইভন গনজালেজ রজার্স রায়ে বলেন, মামলায় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আইনি ও বাস্তব প্রশ্ন রয়েছে, যেগুলোর নিষ্পত্তি পূর্ণাঙ্গ বিচার ছাড়া সম্ভব নয়।

মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মামলা করেন। তাদের অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে শিশু ও কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে যুক্ত থাকে। পাশাপাশি এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যবহারকারীদের যথাযথভাবে অবহিত করা হয়নি।

আদালত প্রতারণামূলক কার্যক্রম, অন্যায্য ব্যবসায়িক আচরণ এবং শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগগুলোও বহাল রেখেছেন। বিচারকের পর্যবেক্ষণে বলা হয়েছে, শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের আগে অভিভাবকের সম্মতি নেওয়ার আইনি বাধ্যবাধকতা মেটা যথাযথভাবে পালন করেছে কি না, সেটিও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ হবে।

রায়ের প্রতিক্রিয়ায় মেটা জানিয়েছে, তারা অভিযোগগুলোর সঙ্গে একমত নয়। প্রতিষ্ঠানটির দাবি, আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দীর্ঘদিনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা এই সিদ্ধান্তকে শিশুদের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর জবাবদিহি নিশ্চিত করতে এই মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগ, হতাশা, অনিদ্রা, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া এবং আত্মক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।

তবে মেটার বক্তব্য, 'সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি' এখনো চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত কোনো মানসিক রোগ নয়। তাই তাদের প্ল্যাটফর্মকে সরাসরি আসক্তিকর বলা সঠিক নয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম শুধু শিশুদের জন্য নয়, বরং সব বয়সী মানুষের ব্যবহারের জন্য তৈরি।

বিচারক রজার্স বলেন, প্ল্যাটফর্ম দুটি বাস্তবে শিশুদের দীর্ঘ সময় ব্যবহার করতে উৎসাহিত করে কি না এবং মেটা এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে কি না—এসব বিষয় বিচারিক শুনানিতেই নির্ধারণ করা হবে।

আদালতের নির্ধারিত সূচি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সি অঙ্গরাজ্যের করা মামলাগুলোর বিচার আগামী ১৮ আগস্ট শুরু হওয়ার কথা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন