হামে ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, একদিনে আক্রান্ত ১,৪১১ শিশু

দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ জন।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৯১ জন, আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।
এদিকে, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫০৩ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা পৌঁছেছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে ২৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৫৭৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।