শনিবার, ০৯ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ব্যাটারিচালিত ‘স্মার্ট কার’ দেখে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এই তরুণ উদ্ভাবক।

সাক্ষাতের সময় ওয়াকিমুল ইসলাম তার তৈরি ছোট বৈদ্যুতিক যান “এ টু আই স্মার্ট কার” প্রধানমন্ত্রীকে দেখান এবং নিজেই সেটি চালিয়ে প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই উদ্ভাবনী বাহনটি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন। তিনি আরও বলেন, কম খরচে আরও আধুনিক ও সহজ ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির দিকে কাজ চালিয়ে যেতে হবে।

এছাড়া সরকারের পক্ষ থেকে এ ধরনের সৃজনশীল উদ্ভাবনে সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে তার উদ্ভাবনের পেছনের গল্প তুলে ধরেন। তিনি জানান, একসময় তিনি শারীরিক সীমাবদ্ধতার কারণে বাসার বাইরে যেতে পারতেন না। চলাফেরার সুবিধার জন্যই তিনি নিজ উদ্যোগে এই স্মার্ট কার তৈরি করেন।

বর্তমানে তিনি যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

ওয়াকিমুল বলেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে তিনি আরও উন্নত প্রযুক্তির স্মার্ট কার তৈরি করতে চান, যা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন নয়, বরং বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন।


বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, এই স্মার্ট কারটি:

ব্যাটারি চার্জে চলে
একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে
সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার


এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন:

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার,অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন