শনিবার, ০৯ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম, আর্থিক ক্ষতিপূরণ দাবি

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম, আর্থিক ক্ষতিপূরণ দাবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এক কিশোরীর ধর্ষণ মামলায় এক মাস দুই দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হয়েছেন ইমাম মোজাফফর আহমদ (২৫)। ডিএনএ পরীক্ষায় তার সঙ্গে কিশোরীর সন্তানের কোনো মিল না পাওয়ায় আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়।

তদন্তে পরবর্তীতে উঠে আসে, কিশোরীর সহোদর বড় ভাই মোরশেদই ওই সন্তানের জৈবিক পিতা। পুলিশ জানায়, মূল ঘটনা আড়াল করতে এবং মোরশেদকে রক্ষা করতেই মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর কিশোরীর পরিবার মোজাফফরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এরপর তিনি চাকরি হারান এবং ২৬ নভেম্বর আদালতে গেলে তাকে পুলিশ আটক করে। পরে তিনি এক মাস দুই দিন কারাভোগ করেন এবং ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আইনি লড়াই শুরু করেন।

মামলার তদন্তে ২০২৪ সালের ২২ ডিসেম্বর সিআইডি মোজাফফরের ডিএনএ পরীক্ষা করে কোনো মিল পায়নি। এরপর কিশোরীকে জিজ্ঞাসাবাদে সে তার সহোদর বড় ভাই মোরশেদের নাম উল্লেখ করে। পরবর্তীতে ২০২৫ সালের ১৯ মে মোরশেদকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় কিশোরী, নবজাতক শিশু এবং মোরশেদের মধ্যে ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়, যা প্রমাণ করে শিশুটির জৈবিক পিতা মোরশেদ।

এরপর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করে মোজাফফরের নাম মামলা থেকে প্রত্যাহার করেন এবং মোরশেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে তিনি ফেনী জেলা কারাগারে রয়েছেন।

মুক্তির পর মোজাফফর আহমদ অভিযোগ করেন, তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। তিনি জানান, মামলার খরচ চালাতে বসতভিটা বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং চাকরিও হারিয়েছেন।

তার আইনজীবী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হয়েছে এবং তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছিল।

স্থানীয় আলেম-ওলামা নেতারা এবং আইনজীবীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ডিএনএ রিপোর্টের ভিত্তিতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হয়েছে এবং মামলার চার্জশিট সংশোধন করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন