৯৮ বছরের বৃদ্ধের পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে তিনি?

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার শপথ নেওয়ার দিন কলকাতায় এক আবেগঘন ও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মেলে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা মাখনলাল সরকার (৯৮)। তাকে কেন্দ্র করে মুহূর্তটি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।
দলীয় সূত্রে জানা যায়, শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকা মাখনলাল সরকারকে দেখে এগিয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাকে জড়িয়ে ধরেন এবং পরবর্তীতে তার পায়ের কাছে ঝুঁকে শ্রদ্ধা জানান। এই দৃশ্য দ্রুতই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্তে পরিণত হয়।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোদি লেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথের এই ঐতিহাসিক দিনে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান স্মরণ করা স্বাভাবিক। তিনি বলেন, মুখার্জির আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ চালিয়ে যাবে।
মাখনলাল সরকার সম্পর্কে মোদি জানান, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত থেকে সংগঠন গঠনে ভূমিকা রেখেছেন। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গেও কাজ করেছেন এবং একসময় জম্মু-কাশ্মীরে আন্দোলন চলাকালে গ্রেপ্তারও হয়েছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মোদি আরও বলেন, মাখনলাল সরকারের মতো নিবেদিতপ্রাণ কর্মীরা বিজেপির ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান দলকে আরও অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন তিনি।