হামে মৃত্যু মিছিল: ২৪ ঘণ্টায় প্রাণ হারাল আরও ৯ শিশু

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে।
হাম আক্রান্ত হয়ে মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত তিন শিশুই বরিশাল বিভাগের বাসিন্দা। এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৬১ শিশুর মৃত্যু হয়েছে।
উপসর্গ নিয়ে আরও মৃত্যু
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে।
আক্রান্তের সংখ্যাও বাড়ছে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে।
এছাড়া একই সময়ে আরও ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।