রাজনৈতিক সহিংসতা ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গুম, খুন ও দমনমূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে একটি নতুন, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং নারী–পুরুষ সবাই নিশ্চিন্তে চলাচল করতে পারবে।”
তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট শাসনামলে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ভবিষ্যতে এমন রাজনৈতিক পরিবেশ আর দেখতে চায় না বিএনপি, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণতান্ত্রিক আলোচনা অব্যাহত থাকবে।
সভায় তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “বিএনপির নির্বাচনী ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। জনগণই এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে।”
অনুষ্ঠানে তিনি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ সময় ধরে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ায় সংগঠনগুলোকে পুনরায় মাঠে সক্রিয় করার নির্দেশনাও দেন তিনি।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ মহানগর ও জেলার সভাপতি–সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।