বাংলাদেশ–সান মারিনো ম্যাচ: টিকিট না পেয়ে হতাশ হাজারো প্রবাসী

ইউরোপের মাটিতে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উন্মাদনা। আগামী ৫ জুন সন্ধ্যা ৭টায় সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরুর মাত্র দুই দিনের মধ্যেই পুরো স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের জন্য বরাদ্দকৃত গ্যালারির টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়। ইতালিসহ ইউরোপের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
দেশের ফুটবল ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দেশের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্যদিকে সান মারিনোও প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের মুখোমুখি হতে যাচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের মতে, ফলাফলের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচের ঐতিহাসিক ও আন্তর্জাতিক দিক।
জানা গেছে, শুধু রোম শহর থেকেই প্রায় ১৫টি যানবাহনের ব্যবস্থা করা হয়েছে সমর্থকদের স্টেডিয়ামে নেওয়ার জন্য। রোম থেকে ভেন্যুর দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার হলেও প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে কোনো কমতি নেই।
ইতালিজুড়ে এখন বাংলাদেশ–সান মারিনো ম্যাচ নিয়েই চলছে আলোচনা।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান ২১১ এবং বাংলাদেশের অবস্থান ১৮১। তবে র্যাঙ্কিংয়ের চেয়েও বড় হয়ে উঠেছে ইউরোপের মাটিতে লাল–সবুজের পতাকা তুলে ধরার সুযোগ।
শুধু এই ম্যাচ নয়, আগামী লিথুয়ানিয়ার বিপক্ষেও ইতালি থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মাঠে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।