আড়ালে থেকেও ইরানের কৌশল নির্ধারণে মোজতবা খামেনি

মার্কিন গোয়েন্দা সংস্থার এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আহত হয়ে আড়ালে থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো দেশটির সামরিক ও কূটনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখছেন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আসেননি এবং তার অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামো কিছুটা বিভক্ত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ও যুদ্ধ-পরবর্তী কৌশল নির্ধারণে মোজতবা খামেনির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিকে এক হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
এরপর তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও তিনি দীর্ঘদিন জনসমক্ষে আসেননি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি বর্তমানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না এবং সরাসরি সাক্ষাৎ বা কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ রাখেন।
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি দাবি করেছেন, মোজতবা খামেনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার পা, কোমরের নিচের অংশ ও কানের পেছনে আঘাত থাকলেও তা সেরে উঠছে বলে জানান তিনি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি মোজতবা খামেনির সঙ্গে আড়াই ঘণ্টার একটি বৈঠক করেছেন। যুদ্ধ শুরুর পর এটিই কোনো শীর্ষ নেতার সঙ্গে তার প্রথম প্রকাশ্য বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা সূত্রের একাংশের দাবি, খামেনি এখনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি সক্রিয় নন। তাদের মতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের শীর্ষ কর্মকর্তারা এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের বর্তমানে রাষ্ট্রীয় কার্যক্রমে বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন।
এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন এখনো সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সামরিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান কয়েক মাস পর্যন্ত অবরোধ মোকাবিলার সক্ষমতা ধরে রেখেছে।