চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিস্ফোরক ফেসবুক পোস্ট ন্যান্সির

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি পারিবারিক জমি দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পরিবারের জমি দখল করা হয়েছিল এবং দীর্ঘদিন আইনি প্রতিকারও পাননি।
বৃহস্পতিবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যান্সি জানান, নড়াইল জেলার বড়দিয়া এলাকায় তাদের পৈতৃক বাড়ির বাসস্ট্যান্ডসংলগ্ন একটি জমির প্রায় অর্ধেক অংশ তাদের পরিবারের মালিকানাধীন। তার অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় তার সেজ চাচা ওই জমি দখল করেন।
পোস্টে ন্যান্সি লেখেন, রাজনৈতিক প্রভাবের কারণে অতীতে আইনি সহায়তা পাওয়া সম্ভব হয়নি। ফলে পারিবারিক সম্পত্তি রক্ষা করাও কঠিন হয়ে পড়ে।
তিনি আরও জানান, সম্প্রতি তার বড় ভাই জমিটি দেখতে গেলে প্রথমে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেন, জমির সামনের খাস জায়গায় মাদ্রাসা নির্মাণের কথা বলা হলেও সেখানে ভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে।
পোস্টের শেষাংশে ন্যান্সি ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে জানান, শিগগিরই তিনি নিজেও সেখানে যাবেন এবং বিষয়টি আইনগতভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে অনেক অনুসারী তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। জবাবে ন্যান্সি জানান, এর আগেও তিনি মামলা করেছিলেন। তবে রাজনৈতিক প্রভাবের কারণে কোনো কার্যকর ফল পাননি। তার ভাষ্য অনুযায়ী, ২০২১ সালে তার বাবার মৃত্যুর পর পুরো জমি ঘিরে স্থায়ীভাবে দখল সম্পন্ন করা হয়।
তবে ন্যান্সির অভিযোগের বিষয়ে অভিযুক্ত চাচা বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।