ফেসবুক ফলোয়ারে সাকিবকে ছাড়িয়ে দেশের শীর্ষে পরীমনি

বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক তিনি।
বর্তমানে পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুক পেজে রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি অনুসারী। অর্থাৎ প্রায় ১০ লাখ ফলোয়ারের ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক অনুসারীর সংখ্যা নিয়ে পরীমনি ও সাকিবের প্রতিযোগিতা নতুন নয়। প্রায় তিন বছর আগে বিষয়টি আলোচনায় আসে। এরপর ২০২৩ সালের আগস্টে আবারও শীর্ষস্থান ফিরে পান সাকিব। তবে এবার সেই অবস্থান দখল করেছেন পরীমনি।
শুধু অনুসারীর সংখ্যাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির পোস্টে ভক্তদের সক্রিয় অংশগ্রহণও চোখে পড়ার মতো। সম্প্রতি মেয়ের একটি ভিডিও শেয়ার করলে সেটিতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পড়ে। এর আগে নিজের কয়েকটি ছবি পোস্ট করে পেয়েছেন ৫৬ হাজারের বেশি রিঅ্যাকশন।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে তার প্রকাশ করা ভিডিওগুলোর অনেকগুলোই ১০ লাখ থেকে দেড় কোটিরও বেশি ভিউ পেয়েছে, যা তার অনলাইন জনপ্রিয়তারই প্রতিফলন।
১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমনি নিজে ফলো করেন মাত্র সাতটি অ্যাকাউন্ট। তবে কাদের অনুসরণ করেন, সেটি তিনি প্রকাশ্যে দৃশ্যমান রাখেননি।
অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হলেও ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন পরীমনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজেও অংশ নিচ্ছেন। গত দেড় বছরে একাধিক সিনেমায় তার নাম শোনা গেলেও সেগুলোর অগ্রগতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।