শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শিল্প খাতে বিদ্যমান গ্যাস সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের একপর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে শিল্প খাতের প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আরেকটি বৈঠক আয়োজনের নির্দেশ দেন।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবগত রয়েছেন এবং সেগুলোর সমাধানে আন্তরিক। এ লক্ষ্যেই একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যাতে দ্রুত সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায়।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেল সভায় শিল্প খাতের প্রধান সংকট ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এরপর কমিটির সদস্য ও শিল্পমালিকদের মধ্যে গ্যাস সরবরাহ, উৎপাদন ব্যয়, নীতিগত সহায়তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, ২২ জুলাই বিটিএমএর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেছিল। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ দিতে এই উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।