রাসুলের (সা.) আস্থাভাজন সাহাবি হজরত হুজাইফা (রা.) কে ছিলেন?

হজরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অন্যতম ঘনিষ্ঠ সাহাবি এবং তার গোপনীয় বিষয়ের বিশ্বস্ত রক্ষক। দীর্ঘ সময় রাসুলুল্লাহর (সা.) সান্নিধ্যে থেকে তিনি ইসলামের গভীর জ্ঞান, ফিকহ, হাদিস ও প্রজ্ঞায় বিশেষ মর্যাদা লাভ করেন। বিশেষ করে ফেতনা, সামাজিক সংকট এবং ভবিষ্যৎ ঘটনাবলি সম্পর্কিত হাদিস বর্ণনায় তিনি ছিলেন সাহাবিদের মধ্যে অন্যতম অগ্রগণ্য।
জন্ম ও পারিবারিক পরিচয়
হজরত হুজাইফা (রা.)-এর পিতার নাম ছিল আল-ইয়ামান জাবের ইবনুল হারিস আল-আবসি এবং মায়ের নাম আল-রাবাব বিনতে কাব। তার পরিবার ইসলামের প্রথম যুগেই ঈমান গ্রহণ করেছিল। ফলে তিনি ছোটবেলা থেকেই ইসলামী আদর্শ ও ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন।
অল্প বয়সেই ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করেন। সেখানে মহানবী (সা.) তাকে আনসারদের অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার সময় রাসুলুল্লাহ (সা.) তার সঙ্গে হজরত আম্মার ইবনে ইয়াসির (রা.)-এর ভ্রাতৃত্ব স্থাপন করেন।
মহানবীর (সা.) সান্নিধ্যে শিক্ষা
রাসুলুল্লাহর (সা.) সান্নিধ্যে থেকে হজরত হুজাইফা (রা.) কোরআন, সুন্নাহ, ফিকহ ও আত্মশুদ্ধির শিক্ষা লাভ করেন। নিজের চরিত্র ও আমল পরিশুদ্ধ রাখতে তিনি সব সময় সচেষ্ট ছিলেন। একবার কথাবার্তায় কঠোরতা অনুভব করলে রাসুলুল্লাহ (সা.) তাকে বেশি বেশি ইস্তিগফার করার উপদেশ দেন।
তার বর্ণিত হাদিসে নামাজ, রোজা, জাকাত, আখিরাত, ফেতনা, আদব-আখলাক, আধ্যাত্মিকতা এবং ইসলামী জীবনব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক স্থান পেয়েছে।
ফেতনা-সংক্রান্ত হাদিসে বিশেষ পারদর্শিতা
হজরত হুজাইফা (রা.)-এর অন্যতম বৈশিষ্ট্য ছিল ভবিষ্যতের ফেতনা ও সংকট সম্পর্কে রাসুলুল্লাহর (সা.) বক্তব্য গভীরভাবে সংরক্ষণ করা। তিনি নিজেই বলতেন, অন্যরা কল্যাণের বিষয় জানতে চাইতেন, আর তিনি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, যাতে তা থেকে নিজেকে রক্ষা করতে পারেন।
এ কারণেই পরবর্তী সময়ে জটিল সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সাহাবি ও তাবেয়িরা তার কাছ থেকে দিকনির্দেশনা গ্রহণ করতেন।
ইসলাম প্রচার ও জ্ঞানচর্চা
ইরাক ও পারস্য বিজয়ের বিভিন্ন অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ইসলামের শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হাদিস বর্ণনায় তিনি ছিলেন অত্যন্ত সতর্ক। নিশ্চিত জ্ঞান ছাড়া কোনো কথা রাসুলুল্লাহর (সা.) নামে বর্ণনা করতেন না।
তিনি কোরআনের লিপিকার সাহাবিদেরও একজন ছিলেন এবং ফতোয়া প্রদানের ক্ষেত্রে সবসময় কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দিতেন।
তাকওয়া ও সাদাসিধে জীবন
হজরত হুজাইফা (রা.) পার্থিব ভোগবিলাস থেকে নিজেকে দূরে রাখতেন। সাধারণ জীবনযাপন, আল্লাহভীতি এবং আত্মসংযম ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি মানুষকে সৎকাজের নির্দেশ এবং অসৎকাজ থেকে বিরত থাকার ব্যাপারে সবসময় উৎসাহিত করতেন এবং এ বিষয়ে রাসুলুল্লাহর (সা.) হাদিস স্মরণ করিয়ে দিতেন।
ইন্তেকাল
হজরত ওসমান (রা.)-এর শাহাদাতের কিছুদিন পর ইরাকের মাদায়েন শহরে ইন্তেকাল করেন হজরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.)। বর্তমানে ইরাকের মাদায়েনে সালমান ফারসি (রা.)-এর মসজিদের পাশেই তার কবর অবস্থিত।