বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এবং শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের সময়সূচি নির্ধারণ করা সরকারের অগ্রাধিকারভিত্তিক বিষয়। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের ১৮তম সম্মেলন। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যও দুই দেশকে একসূত্রে বেঁধেছে। পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদী।
হাইকমিশনার আরও জানান, দুই দেশের মানুষের যাতায়াত সহজ করতে ভারত ইতোমধ্যে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে।
তিস্তা ও গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ নিয়মিত কাজ করছে। পারস্পরিক সদিচ্ছা ও বোঝাপড়া থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।