‘পারলে পাশে দাঁড়ান’—ইবরার টিপুর অসুস্থতা নিয়ে স্ত্রীর আহ্বান

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। সম্প্রতি তার মস্তিষ্কে (ব্রেইন) অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি আবেগঘন বার্তা এবং পরে স্ত্রী মরিয়ম আক্তার কনার (বিন্দু কণা) পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসপাতালের শয্যায় কাটানো কঠিন সময়ের কথা উল্লেখ করে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে তিনি নিজের একাকীত্ব, দীর্ঘ চিকিৎসাজীবনের ক্লান্তি এবং কাছের মানুষদের জন্য অপেক্ষার অনুভূতির কথা তুলে ধরেন। পরে পোস্টটি তার টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়।
এর পরদিন সকালে ইবরার টিপুকে ট্যাগ করে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তার স্ত্রী ও সংগীতশিল্পী মরিয়ম আক্তার কনা। তিনি অপ্রয়োজনীয় ফোন বা বার্তা না পাঠানোর অনুরোধ জানিয়ে বলেন, কেউ চাইলে দোয়া করতে পারেন, প্রয়োজনে পাশে দাঁড়াতে পারেন। অসুস্থতার এই সময়ে সহমর্মিতা ও মানবিকতার আহ্বানও জানান তিনি।
জানা গেছে, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে একাধিক অস্ত্রোপচার ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। ক্যানসারের চিকিৎসা চলাকালেই সম্প্রতি তার ব্রেইন সার্জারি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করে আসছেন ইবরার টিপু। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তার সুর ও সংগীতে তৈরি ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অসংখ্য জনপ্রিয় গানের সংগীতায়োজন এবং বিভিন্ন রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত থেকে তিনি বিশেষ পরিচিতি পেয়েছেন।