মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গত ২৭ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপ-ধারা-১ অনুযায়ী ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
নতুন বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া পদাধিকারবলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামান জানান, পুনর্গঠিত ট্রাস্টি বোর্ড ট্রাস্টের সার্বিক কার্যক্রম পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
নতুন ট্রাস্টি বোর্ড গঠনের ফলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীন উন্নয়নমূলক ও কল্যাণমূলক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।