তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ সফরে এটি তার প্রথম আগমন। সফরকালে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, সার্জিও গরের এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক হবে।
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনও তার সফরের অংশ হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী ওয়াশিংটন।
সার্জিও গর বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও তার আলোচনায় গুরুত্ব পেতে পারে।
গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন। এর ধারাবাহিকতায় সার্জিও গরের এই সফরকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। ওই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।