বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
  • রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি

    রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে শনিবার (১ আগস্ট) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রের দাবি, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

    দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অবস্থান এবং সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এমনকি এদিনই এ বিষয়ে নীতিগত বা চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন সমীকরণ

    গত শুক্রবার শারীরিক ও মানসিক সক্ষমতার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

    আলোচনায় যেসব নাম

    দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ও তাদের বিভিন্ন তথ্য ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা এবং সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতার মতো বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে।

    বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় যেসব নাম ঘুরে ফিরে আসছে, তাদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী।

    এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

    নির্বাচন প্রক্রিয়া

    সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করবে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

    বিশ্লেষকদের মত

    আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতি বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুলের মতে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীর সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, কূটনৈতিক দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং শারীরিক ও মানসিক সক্ষমতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

    অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন বলেন, রাষ্ট্রপতি হিসেবে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা প্রয়োজন, যার ভাবমূর্তি স্বচ্ছ, নেতৃত্বের সক্ষমতা সুপ্রতিষ্ঠিত এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রশ্নাতীত। তার মতে, দলীয় বিবেচনার পাশাপাশি জাতীয় গ্রহণযোগ্যতাও প্রাধান্য পাওয়া উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন