৪৫০ কোটি টাকার ‘কিং’, মেয়ে সুহানার জন্য বড় চমক আনছেন শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরছেন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। বর্তমানে ছবিটির শুটিং পুরোদমে চলছে।
জানা গেছে, প্রায় ১৫০ দিনব্যাপী বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। সুহানার প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় ছবিটি নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ খান।
গৌরী খান প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। তবে এই অঙ্কের মধ্যে প্রচারণা ব্যয় ও শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছবির অ্যাকশন দৃশ্যগুলো নির্মাণে আন্তর্জাতিক স্টান্ট বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্নতমানের ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজের দায়িত্বে রয়েছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
প্রথমে যে পরিসরে ছবিটি নির্মাণের পরিকল্পনা ছিল, পরে সেটিকে আরও বড় আকারে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্মাতাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের একটি অ্যাকশনধর্মী সিনেমা উপহার দেওয়া।
এটি শাহরুখ খানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এর আগে ‘জওয়ান’ প্রায় ৪০০ কোটি এবং ‘পাঠান’ প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। সেই তুলনায় ‘কিং’ আরও বড় বাজেটের প্রকল্প।
ছবিতে শাহরুখ ও সুহানা খানের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’।