স্বপ্নের আয়োজনে বিয়ে সারলেন অংশুলা, পাশে ছিলেন জাহ্নবী-খুশি

বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।
বিয়ের দিন লাল লেহেঙ্গা, ঐতিহ্যবাহী গয়না ও ফুলের সাজে অংশুলাকে দেখা যায় রাজকীয় রূপে। পুরো অনুষ্ঠানে দিদির পাশে ছিলেন দুই বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ভাই অর্জুন কাপুরও বিয়ের সব আয়োজনের সঙ্গে ছিলেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে অংশুলা আবেগঘন একটি বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, অসংখ্য মানুষের ভিড়ে, অসংখ্য সময় আর পথ পেরিয়ে শেষ পর্যন্ত রোহনই তার জীবনের সঙ্গী হয়েছেন। তিনি আরও জানান, জীবনের সব বাঁক ও অপ্রত্যাশিত ঘটনার পরও রোহনের উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রাপ্তি।
বিয়ের অনুষ্ঠানে প্রয়াত মা মোনা শৌরির ছবিকে সাক্ষী রেখে মালাবদল করেন নবদম্পতি। আবেগঘন এই মুহূর্তটি অতিথিদেরও আপ্লুত করে।
এর আগে গত রোববার ধুমধাম করে অনুষ্ঠিত হয় অংশুলার মেহেদি অনুষ্ঠান। জুনের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছিল প্রাক্-বিবাহ আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবের আমেজে ছিলেন কাপুর পরিবারের সদস্যরা।
অংশুলার বিয়েতে একসঙ্গে উপস্থিত ছিলেন বনি কাপুরের চার সন্তান—অর্জুন কাপুর, অংশুলা কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। পাশাপাশি উপস্থিত ছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুরসহ কাপুর পরিবারের অন্যান্য সদস্যরাও।
পরিবারের সদস্যদের একসঙ্গে তোলা ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বনি কাপুরকে চার সন্তানকে নিয়ে এক ফ্রেমে দেখা যাওয়ার মুহূর্তটি ভক্তদের নজর কেড়েছে।