ব্রাজিলের বিদায়ে শোবিজ তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া

ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হতাশায় ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। দলের বিদায়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। এই আবেগঘন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।
চিত্রনায়িকা অপু বিশ্বাস নেইমারের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “একটি যুগের সমাপ্তি। ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, নেইমার জুনিয়র।”
অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ট্রফি না জিতলেও নেইমার কোটি ভক্তের হৃদয়ে চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। তার ভাষায়, ব্রাজিলের হয়ে প্রতিটি ম্যাচে নেইমার নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন।
ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসী পোস্ট দেওয়া অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি পরাজয়ের পর আর কোনো প্রতিক্রিয়া জানাননি। একইভাবে অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ-ও খেলার সময় বেশ সক্রিয় থাকলেও ম্যাচ শেষে নীরব থাকেন।
অভিনেতা জিয়াউল হক পলাশ নেইমারকে বিদায় জানিয়ে লিখেছেন, “একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না।”
সংগীতশিল্পী পড়শী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “সবসময় ব্রাজিল।” পাশাপাশি তিনি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও শুভকামনা জানিয়েছেন।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জানিয়েছেন, জয়-পরাজয় যাই হোক না কেন, ব্রাজিলের প্রতি তার ভালোবাসা কখনো কমবে না। অন্যদিকে অভিনেত্রী সাফা কবির ভবিষ্যতের বিশ্বকাপের আশায় লিখেছেন, “ইনশাআল্লাহ, নেক্সট টাইম!”
অভিনেতা সাইদুর রহমান পাভেল ব্রাজিলের একাধিক সুযোগ নষ্ট হওয়া নিয়ে রসিকতা করে একটি পোস্ট দেন, যা সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দেয়।
ব্রাজিলের বিশ্বকাপ বিদায় ও নেইমারের অবসরের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ, হতাশা এবং ভালোবাসার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে তারা প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রতি নিজেদের অকৃত্রিম সমর্থনের কথাই তুলে ধরেছেন।