রায়পুরে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী (৪৮) হত্যা মামলার প্রধান আসামি আরমান (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। গ্রেপ্তারকৃত আরমান রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তের সামনে রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আসামি আরমান ও অন্য এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত যুবদল নেতা বেলাল হোসেন মিশোরী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে আরমান হঠাৎ ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেলাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত আরমান পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে আরমানকে প্রধান আসামি করা হয়।
পরবর্তীতে র্যাব-১১ ঘটনাটি তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ মার্চ) সন্ধ্যায় কদমতলী থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।