শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকার মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চারতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য থানায় নেওয়া হয়।

নিহত শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

নিহতের স্ত্রী জানান, সকালে তিনি স্কুলে যাওয়ার সময় স্বামীকে অসুস্থ বোধ করতে দেখেন। ওই সময় তিনি বলেছিলেন, “আমি যদি মারা যাই, আমাকে ভাঙ্গা কবরস্থানে দাফন কইরো।”

এছাড়া নিহতের মা রাশিদা বেগম বলেন, দুপুরে ছেলে ফোন করে জানায় তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নেই এবং পরিবারকে শক্ত থাকার কথা বলেন।

ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার জানান, দাম্পত্য জীবনে তাদের কিছু সমস্যা ছিল। তবে কিছুদিন আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

নিহতের ভাই শেখ রাজ্জাক বলেন, সকালে মায়ের ফোন পেয়ে তিনি দ্রুত ভাঙ্গার বাসায় পৌঁছে ভাইয়ের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ