প্রশাসনে পরিবর্তন, ১৫ সংস্থার শীর্ষ পদে নতুন দায়িত্বপ্রাপ্ত

দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, চেয়ারম্যান ও রেজিস্ট্রার জেনারেল হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন দিল আফরোজ।
এছাড়া পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে এ এস এম মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা এবং গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক হয়েছেন দেলোয়ার হোসেন।
এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মাহমুদ।
বিভিন্ন সংস্থার চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হয়েছেন রাজা মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবীবুর রহমান।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি তাদের নামের পাশে উল্লেখিত নিজ নিজ মন্ত্রণালয় ও দপ্তরে ন্যস্ত করা হয়েছে।