বোঝার ক্ষমতা হারাচ্ছে তরুণরা: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ সমাজকে ‘ইনস্ট্যান্ট কফির মতো’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার মতে, দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশ তরুণ হলেও তারা দ্রুত প্রতিক্রিয়াশীল হয়ে পড়ছে এবং গভীরভাবে বিশ্লেষণ করার প্রবণতা হারিয়ে ফেলছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তরুণরা এখন ইনস্ট্যান্ট কমেন্ট ও ইনস্ট্যান্ট রিয়েক্ট করে, কিন্তু কোনো বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করে না। এতে করে গবেষণামূলক চিন্তাভাবনার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি প্রশ্ন রাখেন, “যদি ২৭ শতাংশ তরুণ ইনস্ট্যান্ট কফির মতো আচরণ করে, তাহলে আমরা কীভাবে গবেষণার দিকে এগিয়ে যাব?”
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ছে। অনেকেই ফেসবুকে লাইভে এসে অযাচিত মন্তব্য করেন, এমনকি শিক্ষক ও দায়িত্বশীলদের বিরুদ্ধেও অসংলগ্ন বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রীর মতে, এ ধরনের প্রবণতা তরুণদের নৈতিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, সামাজিক মাধ্যমে অযথা মন্তব্য ও ভাইরাল হওয়ার প্রতিযোগিতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি আরও জানান, মেধাস্বত্ব ব্যবস্থায় বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশের উদ্ভাবন ও গবেষণার ফলাফল অনেক সময় বিদেশে গিয়ে স্বীকৃতি পেলেও দেশে তা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় না।
প্রশাসনিক দুর্বলতাকেই এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ইউজিসির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মেধাস্বত্ব সুরক্ষা ও গবেষণার প্রসারে এ ধরনের আয়োজন সময়োপযোগী।