১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’

চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে দায়ের হওয়া অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র্যাব।
দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকা ৫৫ বছর বয়সী মাসুদকে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে র্যাব-৩ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, কিলার মাসুদ পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
১৯ বছর ধরে আত্মগোপনে
সাজা হওয়ার পর থেকেই কিলার মাসুদ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে থাকতে তিনি নিজের নাম ও বেশভূষায় পরিবর্তন আনেন বলে জানিয়েছে র্যাব।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে র্যাব-৩ মাসুদের অবস্থান শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে তার অবস্থান চট্টগ্রাম মহানগরীতে শনাক্ত করা হয়।
পরে র্যাব-৩-এর একটি দল র্যাব-৭-এর সহযোগিতায় ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদুল করিমকে গ্রেপ্তার করা হয়।