বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’
  • গ্যাসসংকটে দেড় বছর ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা

    গ্যাসসংকটে দেড় বছর ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্যাসের অভাবে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। এতে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় একদিকে কৃষকের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা বাড়ছে, অন্যদিকে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। কবে নাগাদ কারখানাটিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু করে আশুগঞ্জ সার কারখানা। শুরুর দিকে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও সময়ের সঙ্গে তা কমে বর্তমানে প্রায় ১ হাজার ১০০ টনে নেমেছে। তবে বিদ্যমান সক্ষমতা দিয়েও দেশের সার চাহিদা পূরণে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে আর উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সারের পরিবর্তে বিদেশ থেকে আমদানি করা ইউরিয়ার ওপর নির্ভর করে ডিলার ও কৃষকদের চাহিদা মেটাতে হচ্ছে।

    কারখানার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর ধরেই গ্যাস সংকটের কারণে বছরের একটি বড় সময় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। কখনো গ্যাস সরবরাহ শুরু হলেও দীর্ঘ সময় বন্ধ থাকার পর কারখানা চালু করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত শেষে উৎপাদনে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় আবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতাও দুর্বল হয়েছে।

    আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার বলেন, কারখানাটি এখনো উৎপাদনে সক্ষম। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হলে প্রতিষ্ঠানটি আবারও লাভজনকভাবে পরিচালনা করা সম্ভব। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এটি সচল রাখতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও তিনি জানান।

    কারখানা কর্তৃপক্ষও দ্রুত উৎপাদনে ফেরার ব্যাপারে আশাবাদী। আশুগঞ্জ সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্যাস সংকটের কারণেই মূলত কারখানাটি চালু করা যাচ্ছে না। এলএনজি সরবরাহ বাড়লে স্বল্প সময়ের মধ্যে কারখানায় গ্যাস পাওয়া যেতে পারে বলে তারা আশা করছেন।

    তিনি জানান, কম গ্যাস ব্যবহার করে কীভাবে কারখানাটিতে উৎপাদন চালু রাখা যায়, সে বিষয়ে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি আশুগঞ্জে নতুন সার কারখানা স্থাপনের বিষয়েও সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।

    কারখানাটিতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। আশুগঞ্জে উৎপাদিত প্রিলড ইউরিয়া সার ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের সাত জেলার কৃষকদের কাছে সরবরাহ করা হয়। ফলে কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় এসব অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত সারের সরবরাহও ব্যাহত হচ্ছে।

    গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিও জানিয়েছে, বর্তমানে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়ে কোনো নির্দেশনা নেই। প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক (সঞ্চালন) মোহাম্মদ বাপ্পি শাহরিয়ার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে কারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহ করা হবে। তারা এ জন্য প্রস্তুত রয়েছেন।

    দীর্ঘদিন একটি রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ থাকা শুধু একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষতির বিষয় নয়; এর সঙ্গে দেশের সার নিরাপত্তা, কৃষকের উৎপাদন ব্যয় এবং বৈদেশিক মুদ্রা ব্যয়ের বিষয়ও জড়িত। তাই গ্যাস সংকটের স্থায়ী সমাধানের পাশাপাশি কারখানাটিকে আধুনিকায়ন করে নিরবচ্ছিন্ন উৎপাদনের উপযোগী করা জরুরি। অন্যথায় একদিকে মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে, অন্যদিকে সার আমদানিতে দেশের ওপর বাড়তি চাপ তৈরি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন