শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে এগিয়ে যেতে হবে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাজ করলে ভুল হবে। সেই ভুল সংশোধন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যাওয়ার দায়িত্ব সবার। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিকতা, ন্যায়বিচার ও সহনশীলতার ভিত্তিতে দেশ গড়ে তুলতে হবে।
দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার
আইনমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে আলোর পথ দেখানোর মতো ভালো কাজ আর কিছু হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে।
তিনি জানান, তিন বছর আগে এই কার্যক্রমের সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও যুক্ত করা হয়েছে। তারাও সমাজের মানুষ এবং তাদেরও সমান অধিকার রয়েছে।
আইনমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে আসাদুজ্জামান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষ গণতন্ত্র ও আইনের শাসনের প্রকৃত সুফল পাবে।
তিনি বলেন, ‘দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে, যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে।’
এ জন্য রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা, জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়’
আইনমন্ত্রী বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা উচিত নয়। অন্যায় ও হত্যাকাণ্ডের ঘটনা দেখেও যারা চোখ বন্ধ করে থাকেন, তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।