প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পান, সে বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল, শিক্ষার্থীদের ফলজ, ওষুধি ও বনজ গাছ এবং ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়, বরং তার শিক্ষাজীবনকে সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য হুইল চেয়ার সরবরাহের মাধ্যমে তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদের শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধের বিষয়েও সচেতন করে তোলা প্রয়োজন।
মীর শাহে আলম বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত বা বঞ্চিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সচেতনতা বৃদ্ধির কর্মসূচির অংশ হিসেবে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।