দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা

চোটের কারণে নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস—দুই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার বদলে জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন।
ফারিহার এমআরআই পরীক্ষায় ঊরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আসন্ন এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসেও খেলতে পারবেন না তিনি।
২৩ বছর বয়সী ফারিহা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারী দলের নিয়মিত সদস্য। সর্বশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টের আগে তার চোট বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
ফারিহার বদলি হিসেবে দলে জায়গা পাওয়া ফারজানা ইয়াসমিনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১৭ বছর বয়সী এই পেসার ২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। এবারই প্রথম জাতীয় দলের মূল স্কোয়াডে সুযোগ পেলেন তিনি।
এশিয়া কাপ দিয়ে শুরু অভিযান
আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ ও ৮ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
দুবাইয়ে এশিয়া কাপ শেষ করেই বাংলাদেশ দল এশিয়ান গেমসে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হবে।
নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন।